EMMTEX SLN Textile Industry Advertisement Banner

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। এবার তৈরি পোশাক কারখানাগুলোতে একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরে অধিকাংশ গার্মেন্টস কারখানা একই সময়ে ছুটি দেওয়ায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়েছিল। ফলে দীর্ঘ যানজট ও যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়। সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই এবার ধাপে ধাপে ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই পরিকল্পনার ফলে ঘরমুখো যাত্রী ও পশুবাহী ট্রাকের চাপ আলাদা সময়ে ভাগ হয়ে যাবে, যা সড়কে যানজট নিয়ন্ত্রণে সহায়ক হবে।

সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং অনিয়ম রোধে সারা দেশে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনাও রয়েছে বলে জানান মন্ত্রী।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আগাম বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণ এবং পশুবাহী যানবাহনের জন্য আলাদা নির্দেশনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com