Advertisement

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর নিটার সায়েন্স সোসাইটি (এনএসএস)-এর উদ্ভাবনী দল “থ্রি-লেয়ার নেভাল ডিফেন্স টর্পেডো” ৮ম ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE) ২০২৬-এর বাংলাদেশ জাতীয় পর্বে ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

গত শনিবার (৯ মে, ২০২৬) নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ফলিত পদার্থবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রকল্প প্রদর্শনী বিভাগে নিটারের এই দলটি তাদের উদ্ভাবনী কাজের মাধ্যমে বিচারকদের প্রশংসা অর্জন করে। এই সাফল্যের ফলে দলটি জাতীয় পর্যায় থেকে নির্বাচিত হয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

দলের সদস্য হিসেবে ছিলেন মোঃ মাহামুদ হাসান মেহেদী, সুফিয়া ইয়াসমিন মুন্নি এবং মোমতাজ বেগম। প্রকল্পটির প্রযুক্তিগত সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নায়েব সুবেদার মোঃ মহিদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মুয়াজ রহমান। বিশেষভাবে সহকারী অধ্যাপক মুয়াজ রহমানের দিকনির্দেশনা ও নিয়মিত সহযোগিতা এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সৃজনশীল চিন্তা, গবেষণাভিত্তিক উপস্থাপনা এবং কার্যকর প্রকল্প প্রদর্শনের মাধ্যমে দলটি জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরতে সক্ষম হয়। একই প্রতিযোগিতায় নিটার সায়েন্স সোসাইটি (এনএসএস)-এর আরও দুটি দল অংশগ্রহণ করে।

এর মধ্যে “ইন্টেলিজেন্ট থ্রেট ডিটেকশন অ্যান্ড নিউট্রালাইজেশন সিস্টেম” তথ্যপ্রযুক্তি ও রোবটিক্স বিভাগে এবং “সাসটেইনেবল ফ্লাড অ্যান্ড রিভার ম্যানেজমেন্ট সিস্টেম ফর বাংলাদেশ” পরিবেশবিজ্ঞান বিভাগে তাদের প্রকল্প উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে আয়োজিত পুরস্কার বিতরণী পর্বে দেশের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এই অর্জন নিটার ক্যাম্পাসে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি করে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সাফল্য দেশের তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণায় আরও আগ্রহী করে তুলবে। আন্তর্জাতিক পর্বে নিটার দলের জন্য সর্বোচ্চ সফলতা কামনা করা হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com