ইউনিভার্সিটি অব স্কলার্স-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিটিকেজি-২০২৬ শিক্ষা সফর সফলভাবে সম্পন্ন হয়েছে। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্প অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে স্কলার্স ফ্যাশন ক্লাবের উদ্যোগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিটিকেজি-২০২৬ (বাংলাদেশ আন্তর্জাতিক টেক্সটাইল, নিটিং ও গার্মেন্ট শিল্প প্রদর্শনী) পরিদর্শন।
এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক টেক্সটাইল প্রযুক্তি, স্বয়ংক্রিয় গার্মেন্ট প্রসেসিং, নিটিং প্রযুক্তি এবং পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। এছাড়াও বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিল্পখাতের বর্তমান চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে।
সফরে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ— সহযোগী অধ্যাপক মো. খায়রুল ইসলাম, প্রভাষক ও ডিপ্লোমা ব্যাচ সমন্বয়ক তারিফুল ইসলাম এবং প্রভাষক মো. নাহিদ। তাঁদের দিকনির্দেশনা শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। স্কলার্স ফ্যাশন ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও বাস্তব জ্ঞান বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

