Advertisement

দীর্ঘদিন পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বুটেক্স ওয়েট প্রসেস ক্লাব’। রবিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করা হয়।

বিকেল ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা এবং আইটিইটি’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক এহসানুল করিম কায়সার। এছাড়া ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইমানা শাহরীন তানিয়া, উপদেষ্টা মো. সোহাগ বাবুসহ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে শিল্পখাতের প্রতিনিধিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মন্ডল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রণব কুন্ডু টেক্সটাইল প্রিন্টিং বিষয়ে উপস্থাপনা দেন। আরএইচ কর্পোরেশনের নির্বাহী পরিচালক এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন ডাইং খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, এ ধরনের ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনামও বাড়াতে পারবে।

উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন তার বক্তব্যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শ্রেণিকক্ষের শিক্ষার বাইরে বাস্তব অভিজ্ঞতা অর্জন জরুরি। একই সঙ্গে দেশ-বিদেশের অ্যালামনাই নেটওয়ার্কের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করার আশ্বাস দেন তিনি।

আইটিইটি’র আহ্বায়ক এহসানুল করিম কায়সার বলেন, টেক্সটাইল খাতে দীর্ঘ সময় একটি প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন গুরুত্বপূর্ণ। ক্লাবের মাধ্যমে ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ বাড়লে শেখার সুযোগও বাড়বে।

ক্লাবের উপদেষ্টা মো. সোহাগ বাবু জানান, শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা উন্নয়নে ক্লাবটি কাজ করবে। আধুনিক ওয়েট প্রসেস প্রযুক্তি নিয়ে নিয়মিত সেমিনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

ক্লাবের সভাপতি উৎস কারন বলেন, শুরু থেকেই এমন একটি প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল, যা এখন বাস্তবায়িত হয়েছে। সাধারণ সম্পাদক বায়েজিদ আহম্মেদ জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার ও গবেষণামুখী কার্যক্রমে যুক্ত করতে ক্লাবটি ভূমিকা রাখবে। পাশাপাশি বিভাগের প্রধান আয়োজন ‘রিজেনারেশন’ পুনরায় চালু করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com