EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দেশের শীর্ষ টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাসকো গ্রুপের মার্কেটিং ও মার্চেন্ডাইজিং বিভাগের জেনারেল ম্যানেজার এস কে মামুন ফেরদৌস তাঁর স্বরচিত দুই সেটে মোট ১০টি বই ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর লাইব্রেরিতে উপহার দিয়েছেন।

নিটার কর্তৃপক্ষ জানায়, বইগুলো ইতোমধ্যে লাইব্রেরিতে সংরক্ষণ করা হয়েছে এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন মাসকো গ্রুপের মার্চেন্ডাইজার ধ্রুব হাসান এবং নিটার সায়েন্স সোসাইটির প্রেসিডেন্ট আশিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান বুরহান উদ্দিন বান্না।

বই গ্রহণকালে নিটারের পরিচালক আশেকুল আলম রানা বলেন, শিল্প ও একাডেমিয়ার সমন্বয় মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি বই উপহারের জন্য তিনি লেখকের প্রতি কৃতজ্ঞতা জানান।

পরে নিটারের একটি প্রতিনিধি দল মাসকো গ্রুপে গিয়ে এস কে মামুন ফেরদৌসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে ছিলেন নিটার সায়েন্স সোসাইটির প্রেসিডেন্ট আশিকুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট (রিসার্চ) লাবিবা সালওয়া ইসলাম। এ সময় মাসকো গ্রুপে কর্মরত নিটারের সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

লেখক এস কে মামুন ফেরদৌস জানান, তাঁর বইগুলো মূলত ব্যক্তিগত উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্ব বিকাশের ওপর ভিত্তি করে লেখা। তিনি বলেন, সঠিক লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে সফল হওয়ার দিকনির্দেশনা বইগুলোতে তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদার করবে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com