EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আন্তবিভাগীয় প্রতিযোগিতা ‘টেক্সটাইটান্স’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকেলে ক্যাম্পাসে এ আয়োজন হয়।

প্রতিযোগিতায় তিনটি বিভাগ—কুইজ, পোস্টার প্রদর্শনী এবং ট্রেজার হান্ট—নিয়ে কার্যক্রম সাজানো হয়। শুরুতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেল থেকে পোস্টার প্রদর্শনী পরিদর্শন এবং ট্রেজার হান্টে অংশ নেন শিক্ষার্থীরা। পোস্টার ও ট্রেজার হান্টে প্রতিটি দলে তিনজন এবং কুইজে দুইজন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন।

পোস্টার প্রদর্শনীতে বিচারকের দায়িত্ব পালন করেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. লামইয়া জহির এবং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শেখ মোহাম্মদ রাফি।

সন্ধ্যায় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পোস্টার প্রদর্শনীতে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘র‍্যাটজিলাস’ চ্যাম্পিয়ন হয়। কুইজ প্রতিযোগিতায় একই বিভাগের ‘ফ্যাব্রিক এক্সপ্রেস’ শীর্ষস্থান অর্জন করে। ট্রেজার হান্টে বিজয়ী হয় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টেরা ইনকগনিটো’ দল।

সবগুলো ইভেন্টে সম্মিলিত পারফরম্যান্সের ভিত্তিতে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ সামগ্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামুখী কাজের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে নতুন কিছু শেখার সুযোগ তৈরি করে এবং গবেষণায় আগ্রহ বাড়ায়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিজয়ীরা জানান, দলগত প্রচেষ্টা ও অংশগ্রহণের অভিজ্ঞতাই তাদের সবচেয়ে বড় অর্জন। আয়োজকরা বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বাড়াতে এ ধরনের কার্যক্রম চালু থাকবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com