ন্যাশনাল ইন্সটিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আগামী ১ এপ্রিল থেকে ছাত্র ও ছাত্রী হোস্টেলের ডাইনিং কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র মতে, শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ডাইনিং কার্যক্রম পরিচালিত হবে। এ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় রান্নার সরঞ্জাম ও অবকাঠামোগত ব্যয় বহন করবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অন্যদিকে প্রতিদিনের কাঁচাবাজার, মুদিপণ্য ও রান্না সংক্রান্ত ব্যয় শিক্ষার্থীরা নিজেদের মধ্যেই সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করবেন।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পাওয়ার সুযোগ পাবেন।ডাইনিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে হোস্টেল সুপার সভাপতির দায়িত্ব পালন করবেন।
প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং তাদের আর্থিক চাপ কমানোর বিষয়টি বিবেচনায় রেখে ডাইনিং ব্যবস্থা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি খাবারের বৈচিত্র্য বজায় রাখতে নির্দিষ্ট মেনু নির্ধারণ করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাখা হবে কঠোর নজরদারি।
এ ছাড়া পুরো কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে একটি ডিজিটাল হিসাব পদ্ধতি চালু করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে যেকোনো সময় ব্যয়ের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। মাসিক আয়-ব্যয়ের পূর্ণ বিবরণও নিয়মিতভাবে পরবর্তী মাসের শুরুতে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

