বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হয়েছে বুটেক্স সাহিত্য সংসদের আয়োজন ‘সিনসিনারির একদিন ২.০’। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শর্টফিল্মের কলাকুশলীরাও অংশ নেন।
আয়োজনের শুরুতে প্রদর্শিত হয় বেশ কয়েকটি শর্টফিল্ম। এসব চলচ্চিত্রে সমাজ সংস্কার, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল ‘ভাগ্য’, ‘দ্য ড্রিম অফ আ স্টোন লিফ’, ‘সহমত ভাই’ ও ‘আমার কোনো চাওয়া নেই’।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত ও প্রযোজিত সিনেমাটির অভিনয়শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা সিনেমাটি নির্মাণের অভিজ্ঞতা ও নিজেদের অনুভূতি শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। এ সময় তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়ও হয়।
অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে বুটেক্স সাহিত্য সংসদের সভাপতি অতুলন ভট্টাচার্য বলেন, ‘এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি, যা আমাকে অনেক আনন্দিত করেছে। অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনের পেছনে আমার সিনিয়র-জুনিয়র ও প্যানেল সদস্যদের সবার পরিশ্রম রয়েছে। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। অনুষ্ঠানটি কাভার করার জন্য আমি টেক্সটাইল মিররকে ধন্যবাদ জানাই।’
বুটেক্স সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অরণ্য দাস বলেন, ‘একাডেমিক চাপ থেকে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতে এমন একটি প্রোগ্রাম আয়োজনের ইচ্ছা আমাদের সব সময়ই ছিল। সেই উদ্দেশ্যে অনুষ্ঠানটি সফলভাবে করতে পেরে আমরা খুবই আনন্দিত।’
আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। শর্টফিল্ম প্রদর্শনী, সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন পর্বে অংশ নেন তাঁরা। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় ‘সিনসিনারির একদিন ২.০’।
রিপোর্ট: মো: নাঈমুর ইসলাম, বুটেক্স


