EMMTEX SLN Textile Industry Advertisement Banner

৪৭তম বিসিএস পরীক্ষায় দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত চূড়ান্ত ফলাফলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার বুটেক্স থেকে সবচেয়ে বেশি ৪ জন প্রশাসন ক্যাডারে মনোনীত হয়েছেন। এছাড়া পুলিশ ও কর (ট্যাক্স) ক্যাডারে ৩ জন করে, তথ্য ও অডিট ক্যাডারে ২ জন করে এবং কাস্টমস, পরিবার পরিকল্পনা, ডাক (পোস্টাল) ও আনসার ক্যাডারে ১ জন করে শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

ক্যাডারভিত্তিক সুপারিশপ্রাপ্তদের তালিকা:

প্রশাসন ক্যাডার:

এই ক্যাডারে মনোনীত হয়েছেন ৩৭তম ব্যাচের সজীব, ৪০তম ব্যাচের মেহেদী হাসান রাব্বি ও কৃষ্ণ রঞ্জন রায় এবং ৪৩তম ব্যাচের শামীম খান।

পুলিশ ক্যাডার:

এএসপি হিসেবে সুপারিশ পেয়েছেন ৩৮তম ব্যাচের এইচ. এম. সাকোয়াফ আশরাফ, ৪৩তম ব্যাচের রাহুল ভৌমিক ও নূর এ আলম মিয়া।

কর ক্যাডার:

নির্বাচিত হয়েছেন ৩৮তম ব্যাচের জাহিদ হাসান, ৪৩তম ব্যাচের আব্দুস সামাদ ও ৪৪তম ব্যাচের শেখ মোল্লিক অন্তর।

তথ্য ও অডিট ক্যাডার:

তথ্য ক্যাডারে ৪১তম ব্যাচের নাসিম সানি ও ৪৩তম ব্যাচের শাহরিয়ার হোসেন নীরব এবং অডিট ক্যাডারে ৩৯তম ব্যাচের জাবের হোসেন ও ৪০তম ব্যাচের মুনিম আল রাইহান স্থান পেয়েছেন।

অন্যান্য ক্যাডার:

কাস্টমসে ৩৯তম ব্যাচের উজ্জ্বল হোসেন, আনসারে ৪১তম ব্যাচের পিয়াস খান, পরিবার পরিকল্পনায় ৪৩তম ব্যাচের অনির্বাণ মজুমদার এবং ডাক ক্যাডারে ৪০তম ব্যাচের রিয়াদুল ইসলাম চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সাফল্যের অনুভূতি প্রকাশ করে পুলিশ ক্যাডারে মনোনীত ৩৮তম ব্যাচের শিক্ষার্থী এইচ এম সাকোয়াফ আশরাফ বলেন, “বাংলাদেশ পুলিশে এএসপি হিসেবে সুযোগ পাওয়া আমার জীবনের অন্যতম সেরা অর্জন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, বিনিদ্র রাত ও নিজের স্বপ্নের প্রতি আত্মবিশ্বাসের ফলেই এই সাফল্য এসেছে। এই দীর্ঘ যাত্রায় আমার পরিবারের ত্যাগ এবং বন্ধুদের অকুণ্ঠ সমর্থন না থাকলে আজ আমি এই গৌরব অর্জন করতে পারতাম না।”

তিনি আরও যোগ করেন, “পুলিশ ক্যাডার হওয়া আমার কাছে শুধু একটি চাকরি নয়, এটি দেশের মানুষের সেবা করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বড় সুযোগ। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।”

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন। গত রবিবার (২৮ জুন) পিএসসি এই বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com