দেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ ও জার্মানির উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিইজি-এর মধ্যে ৪৩ মিলিয়ন মার্কিন ডলারের এক দীর্ঘমেয়াদি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় প্রাপ্ত অর্থ ডিবিএল গ্রুপের নিটওয়্যার প্রতিষ্ঠান ‘গ্লোরি টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড’ (জিটিএএল) অধিগ্রহণ ও সেটিকে পুরোপুরি সমন্বিত কারখানায় উন্নীত করতে ব্যয় করা হবে। ডিবিএল ও ডিইজি এর মধ্যে এটি তৃতীয় যৌথ অর্থায়ন অংশীদারিত্ব। এর আগে সংস্থাটি গ্রুপটির ‘কালার সিটি লিমিটেড’ ও ‘মতিন স্পিনিং মিলস লিমিটেড’-এ ঋণ সহায়তা দিয়েছিল।

ঘোষিত ৪৩ মিলিয়ন ডলারের মধ্যে ১৬ মিলিয়ন ডলার সহ-অর্থায়ন হিসেবে আসছে ‘গ্লোবাল ইনোভেশন ইনভেস্টমেন্ট ফান্ড’ (জিআইআইএফ) থেকে। তহবিলটি যৌথভাবে পরিচালনা করে ডিইজি এবং জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় (বিএমজেড)।

এই প্রকল্প চালু হলে অন্তত ২,১৫০টি নতুন কর্মসংস্থান তৈরি হবে। এর মধ্যে ৩৫ শতাংশ পদে স্থানীয় নারী কর্মীদের নিয়োগ দেওয়া হবে, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সরাসরি অবদান রাখবে। পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিতে কারখানার কার্বন নিঃসরণ কমানোর বিশেষ প্রক্রিয়ায় কারিগরি সহযোগিতা দেবে ডিইজি।

সংশ্লিষ্টদের মতে, এই চুক্তি বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকশিল্পে পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা জোরদার এবং স্থানীয় ভ্যালু চেইন আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com