শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্প অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব স্কলার্স-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ সম্প্রতি দেশের অন্যতম আধুনিক কম্পোজিট টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠান চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক-এ একটি শিক্ষা সফরের আয়োজন করে।
শিক্ষা সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির স্পিনিং, নিটিং, ডাইং, ফিনিশিং এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন উৎপাদন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তাঁরা তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে তৈরি পোশাক উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়া, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, উৎপাদন ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ (Quality Control) এবং শিল্প পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
শিক্ষা সফরে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগের হেড ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. ফয়সাল বিন আলম, সিনিয়র লেকচারার আবু সাঈদ রাফি এবং লেকচারার মোহাম্মদ মোস্তাক আহমেদ হেমেল, সাদিয়া কবির সাবিহা, তাসিন তাসফিয়া ও তারিফুল ইসলাম। তাঁদের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় শিক্ষার্থীরা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক জ্ঞান লাভ করেন।
বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের কার্যক্রমের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও পেশাগত প্রস্তুতি বৃদ্ধি করতে সহায়ক।
সফর শেষে শিক্ষার্থীরা এমন সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদক: মোঃ আরিফ হোসেনইউনিভার্সিটি অব স্কলার্স

