EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বাংলাদেশের টেক্সটাইল খাতের পরিচিত ও আস্থাভাজন মুখ মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ)। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের টেক্সটাইল শিল্পে দক্ষতা, নেতৃত্ব ও সাংগঠনিক সম্পৃক্ততার মাধ্যমে তিনি তৈরি করেছেন এক শক্ত অবস্থান। আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য আইটিইটি নির্বাচনে এনায়েত-সুমায়েল-নিক্সন প্যানেল থেকে সহ-সভাপতি পদে তাঁর প্রার্থিতা ইতোমধ্যেই সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।

“রাজনীতি যার যার, আইটিইটি সবার”—এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর বিশ্বাস, একটি সংগঠন তখনই শক্তিশালী হয় যখন সেখানে সাধারণ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায়। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, আধুনিক ও কার্যকর আইটিইটি গড়ে তুলতে চান তিনি।

ছাত্রজীবন থেকেই নেতৃত্বের পরিচয়

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট এম এম আলী কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ)। উল্লেখযোগ্যভাবে, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই অধ্যয়ন করেছেন দেশের বহু টেক্সটাইল প্রকৌশলী ও বুটেক্সিয়ান। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অধ্যয়ন করেন। ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধের কারণে সহপাঠীদের মাঝে আলাদা পরিচিতি তৈরি হয় তাঁর।

ঐতিহ্যবাহী পরিবার ও নেতৃত্বের উত্তরাধিকার

একটি রাজনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতৃব্য ছিলেন রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত ভাষাসৈনিক, স্বাধীনতাপূর্ব Greater Mymensingh Muslim League-এর সেক্রেটারি জেনারেল, টাঙ্গাইল ল’ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং টাঙ্গাইল অ্যাডভোকেট বার কাউন্সিলের নির্বাচিত সভাপতি। পারিবারিকভাবে নেতৃত্ব, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিবেশেই বেড়ে ওঠেন মাইনুল ইসলাম (পলাশ)। সেই পারিবারিক আদর্শ থেকেই মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি।

দীর্ঘ ২৩ বছরের সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতা

বর্তমানে তিনি সাদমা গ্রুপে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে নিট এশিয়া লিমিটেডে মহাব্যবস্থাপক, নিট কনসার্ন লিমিটেড ও ভিয়েলাটেক্স লিমিটেডে হেড অব ফেব্রিক্স এবং রূপসী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিনহা টেক্সটাইল গ্রুপে গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

টেক্সটাইল খাতে ২৩ বছরেরও অধিক সময় ধরে কাজ করার সুবাদে বিশ্বের শীর্ষস্থানীয় অসংখ্য আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তাঁর। HUGO BOSS, Marks & Spencer, PUMA, H&M, Inditex, Mango, Next, Walmart, Li & Fung, Gap, Uniqlo, Primark, Tesco, Lidl, Hanes ও Gildan-এর মতো বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাঁকে শিল্পখাতে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।

দেশ-বিদেশে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা

পেশাগত দক্ষতা উন্নয়নে সবসময় নিজেকে আপডেট রেখেছেন মাইনুল ইসলাম (পলাশ)। থাই টেক্সটাইল ইনস্টিটিউটসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন তিনি। Microsoft, ZDHC, IFC, Intertek ও BV-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন কারিগরি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণও গ্রহণ করেছেন।

পেশাগত প্রয়োজনে সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, চীন, কোরিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে কারখানা পরিদর্শন, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে তাঁর। আধুনিক ফেব্রিক ডাইং কারখানা স্থাপনে সফল প্রজেক্ট ম্যানেজমেন্টের অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে।

সংগঠনের জন্য নিবেদিত পথচলা

আইটিইটির যুগ্ম-মহাসচিব, সমাজকল্যাণ সম্পাদক ও ট্রাস্টি সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (AEB), ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (IEB), টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, বাংলাদেশ এবং Greater Mymensingh Textile Engineers’ Association-এর বিভিন্ন দায়িত্বশীল পদে থেকে সংগঠন পরিচালনায় সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন।

সদস্য সংগ্রহ, সদস্যদের ডাটাবেজ প্রণয়ন, ‘মেম্বারস ডাইরেক্টরি’ প্রকাশ, বিভিন্ন ওয়েলফেয়ার কার্যক্রম এবং ইভেন্ট ম্যানেজমেন্টে আহ্বায়ক ও সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। পাশাপাশি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন, বিদেশি হঠাও আন্দোলন এবং কর্মক্ষেত্রে নিপীড়নবিরোধী আন্দোলনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

সদস্যবান্ধব আইটিইটি গড়ার প্রত্যয়

নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে মাইনুল ইসলাম (পলাশ) বলেন, সাধারণ সদস্যদের সম্পৃক্ততা বাড়িয়ে এবং তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আইটিইটির কার্যক্রমকে আরও গতিশীল করতে চান তিনি। ক্রীড়া, সাংস্কৃতিক ও ওয়েলফেয়ার কার্যক্রম সম্প্রসারণ, নিয়মিত সভা-সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন এবং বহুল প্রতীক্ষিত ‘আইটিইটি ভবন’-এর কার্যক্রম বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তাঁর মতে, ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত মর্যাদা এবং জাতীয় উন্নয়নে তাঁদের অবদানকে আরও সমুন্নত করা সম্ভব।

বিগত নির্বাচনগুলোর সাফল্যের ধারাবাহিকতায় আগামী আইটিইটি নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী হিসেবে সকল সদস্যের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন কামনা করেছেন মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ)।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com