গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবিতে প্রেস ক্লাবে সমাবেশপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন এবং সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার জোর দাবি জানিয়েছে চার শ্রমিক সংগঠন। একই সঙ্গে মজুরি বোর্ডে শ্রমিকদের প্রকৃত প্রতিনিধিদের অংশগ্রহণ, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার সুবিধা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এসব দাবি জানান শ্রমিক নেতারা।সমাবেশে বক্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, বাড়িভাড়া এবং চিকিৎসা ও শিক্ষার খরচ অস্বাভাবিক বাড়লেও সে অনুযায়ী শ্রমিকদের আয় বাড়েনি। ফলে বর্তমান বেতন দিয়ে পরিবার নিয়ে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সকাল সাড় ১০টায় গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির যৌথ উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি সুলতানা বেগম বলেন, ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার মজুরি দিয়ে বর্তমান প্রেক্ষাপটে জীবনযাপন করা কঠিন। সরকার নতুন মজুরি বোর্ড গঠনের কথা বললেও তা যেন কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থাকে। দ্রুত প্রক্রিয়া শেষ করে চলতি বছরের নভেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানান তিনি।

সমাবেশ থেকে শ্রমিকদের পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

১। অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা।

২। মোট মজুরির অন্তত ৬৫ শতাংশ মূল মজুরি (বেসিক) নির্ধারণ।

৩। প্রতি বছর ন্যূনতম ১৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি।

৪। বোর্ডে শ্রমিকদের স্বাধীন ও প্রকৃত প্রতিনিধি রাখা।

৫। কাজের পরিবেশ উন্নয়ন, চাকরির নিরাপত্তা এবং ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা।

এরপর বেলা ১১টায় একই স্থানে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে অন্য একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে নেতারা বলেন, শ্রম মন্ত্রণালয় অক্টোবরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠনের আশ্বাস দিলেও এত কম সময়ে তা বাস্তবে কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

পৃথকভাবে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতিও গণতান্ত্রিক শ্রমবিধি প্রণয়ন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ এবং শ্রমিকদের ওপর হয়রানি বন্ধের জোর দাবি জানায়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com