নারায়ণগঞ্জের ফতুল্লায় রেডিকেল ডিজাইন লিমিটেডের গার্মেন্টস বিভাগ বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বুধবার (৮ এপ্রিল) চাষাড়া শহীদ মিনার ও বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক সোলাইমান। এতে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি হাসনাত কবির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এবং সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগসহ অন্যান্য নেতারা।

বিক্ষোভে শ্রমিকরা ১১ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—কারখানা দ্রুত চালু করা, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল, সময়মতো বেতন প্রদান, শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ, হাজিরা বোনাস বৃদ্ধি এবং শ্রম আইন অনুযায়ী সব অধিকার নিশ্চিত করা।

বক্তারা অভিযোগ করেন, মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) অপব্যবহার করে গত ৭ এপ্রিল থেকে গার্মেন্টস বিভাগ বন্ধ ঘোষণা করেছে, যা বেআইনি এবং শ্রমিকদের জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া শ্রমিকদের ওপর চাপ সৃষ্টি করতে অযৌক্তিকভাবে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেন।

দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com