EMMTEX SLN Textile Industry Advertisement Banner

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই গাইবান্ধার বাসিন্দা এবং টাঙ্গাইলের একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নীরব (১২), নার্গিস (৩০), দোলা (৫০), সুলতান (২৮) ও রিফা (২০)। তারা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দুটি পরিবারের সদস্য। তারা টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহত রিফার ভাই ও একই কারখানার শ্রমিক বায়জিদ বোস্তামী জানান, গাইবান্ধার সাদুল্যাপুর থেকে বনশ্রী পরিবহনের একটি বাস ভাড়া করে তারা কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। পথে ধলাটেঙ্গর এলাকায় বাসটির জ্বালানি শেষ হয়ে যায়। তখন বাসের চালক ও সহকারী তেল আনার জন্য যাত্রীদের নামিয়ে কাছের একটি পাম্পে যান।

এ সময় কয়েকজন যাত্রী অপেক্ষা করতে গিয়ে পাশের রেললাইনের ওপর বসেছিলেন। ঠিক তখনই দ্রুতগতির সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করে। ট্রেনের শব্দ টের না পাওয়ায় রেললাইনে বসে থাকা পাঁচজন ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, বাসের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় কিছু যাত্রী বাস থেকে নেমে রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস দ্রুতগতিতে সেখানে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com