রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজতর করেছে সরকার। সংশোধিত নীতিমালা অনুযায়ী, এখন থেকে সুতা ও কাপড় আমদানির ক্ষেত্রে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলাদা কোনো অনুমোদন নিতে হবে না।
এর আগে জারি করা আমদানি নীতি আদেশে সুতা ও সূতাভিত্তিক কাঁচামাল আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছিল। এতে বাণিজ্য জটিলতা ও সময়ক্ষেপণের আশঙ্কায় আপত্তি জানান তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা।
ব্যবসায়ীদের দাবির মুখে সেই শর্তটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। ফলে পোশাকশিল্পের আমদানিনির্ভর কাঁচামাল ছাড়করণ আগের চেয়ে দ্রুত ও সহজ হবে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা।
নীতিমালার অপর এক সংশোধনীতে জানানো হয়েছে, শিল্পপ্রতিষ্ঠানগুলো এখন থেকে আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ছাড়াই কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতি বা ক্যাপিটাল যন্ত্রপাতি আমদানি করতে পারবে। পাশাপাশি সচল কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতেও এই সুবিধা বহাল থাকবে।


