EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম (টিইএফ) মনোনীত জিজি প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে মঙ্গলবার সন্ধ্যায় এই সভার আয়োজন করে জিজি প্যানেল। এতে প্যানেলের প্রার্থীরা তাদের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন টিইএফের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার এ কে এম মহসিন আহমেদ এবং সভাপতিত্বমূলক বক্তব্য রাখেন টিইএফের সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম শামসুদ্দিন খান।

সভায় জিজি প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিক্সন প্যানেলের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। পরে জিজি প্যানেলের ২৭ জন প্রার্থীর আনুষ্ঠানিক পরিচয় তুলে ধরা হয়। এ সময় প্যানেলের সভাপতি প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন তার বক্তব্যে টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইইবি) সদস্য সচিব ইঞ্জিনিয়ার শোয়েব বশির হাবলু এবং সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং জিজি প্যানেলের নির্বাচন মনিটরিং কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাঈদুর রহমান সাঈদসহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি টেক্সটাইল খাতের উন্নয়নে টেক্সটাইল প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। এ খাতের পেশাজীবীদের অধিকার সংরক্ষণ, পেশাগত উৎকর্ষ বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কার্যকর নেতৃত্বের বিকল্প নেই।

আগামী ২৬ জুন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য আইটিইটির ১৫তম কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ পরিচিতি সভা টেক্সটাইল প্রকৌশলীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com