Advertisement

বাংলাদেশে ফ্যাশন ও টেক্সটাইল শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও সৃজনশীলতা বাড়াতে শুরু হয়েছে ‘ক্রিসাট-সেন্ট্রো ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক কম্পিটিশন (DFCC) ২০২৬’। ২০ এপ্রিল সন্ধ্যা ৭টায় অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সায়েন্স, আর্টস অ্যান্ড টেকনোলজি (CRISAT) এবং সেন্ট্রো যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে। আয়োজকরা জানান, ডিজিটাল ফ্যাশন, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)-এর মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। তিনি ডিজিটাল ফ্যাশনের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরে শিক্ষার্থীদের এই খাতে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

এছাড়া আইটিইটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার এবং সেন্ট্রো টেক্স লিমিটেডের এজিএম মো. জাইদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন। তারা শিল্প ও একাডেমিয়ার সমন্বয় বাড়ানোর মাধ্যমে বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের শুরুতে ক্রিসাটের প্রতিষ্ঠাতা ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রতিযোগিতার লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, আগামী ৩১ অক্টোবর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিতব্য ‘৭ম টেক্সটাইল রিসার্চ কনফারেন্স (TRC 2026)’-এর অংশ হিসেবে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আয়োজন করা হবে।

ফ্যাশন, টেক্সটাইল বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এছাড়া গত ছয় মাসের মধ্যে কোর্স সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিচারক হিসেবে যুক্ত ছিলেন। পুরো সেশনটি পরিচালনা করেন সাউথইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এএনএম আহমেদ উল্লাহ।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। এই প্রতিযোগিতা ভবিষ্যৎ ডিজিটাল ফ্যাশন লিডার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com