সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ ‘ঈদ রিফ্লেকশন ২০২৬’ শীর্ষক একটি ম্যাগাজিনের উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকালে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ম্যাগাজিনটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের প্রতিনিধিরা ম্যাগাজিনটি নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানার হাতে তুলে দেন। ম্যাগাজিনটি গ্রহণ করে তিনি এ উদ্যোগের প্রশংসা করে বলেন, নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের এ ধরনের সৃজনশীল প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
‘ঈদ রিফ্লেকশন ২০২৬’ ম্যাগাজিনে ক্লাবের সদস্যরা ঈদকে ঘিরে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি ও স্মৃতিচারণ তুলে ধরেছেন। পারিবারিক আনন্দ, বন্ধুত্বের উচ্ছ্বাস এবং আবেগঘন নানা মুহূর্তের গল্পে সমৃদ্ধ এ সংকলনটি পাঠকদের কাছে ঈদের পরিচিত আবহকে নতুনভাবে উপস্থাপন করবে।
পাঠকদের সুবিধার্থে ম্যাগাজিনটির একটি কপি শিগগিরই নিটার লাইব্রেরিতে সংরক্ষণ করা হবে, যাতে শিক্ষার্থীরা সহজেই এটি পড়ার সুযোগ পায়।

