সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর অনিবার্য কারণে পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের লেভেল-১ ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিলের পরিবর্তে ২ মে ২০২৬ অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি; নির্ধারিত দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত এসব কলেজের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক এবং বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আরিফুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে বস্ত্র অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

