তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন সর্বনিম্ন মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে আগামী ৯ নভেম্বর (সোমবার) দ্বিতীয় বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারিকৃত এক নোটিশে সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা মেনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সভার মূল আলোচ্য বিষয় হলো—গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজস্ব মজুরি কাঠামোর লিখিত প্রস্তাব জমা দেওয়া এবং সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর জন্য একটি বাস্তবসম্মত মজুরি হারের সুপারিশ নিয়ে আলোচনা করা।
বৈঠকে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি আসিফ আইয়ুব ও শ্রমিকপক্ষের প্রতিনিধি আনোয়ার হোসাইনকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। একই সঙ্গে বিজিএমইএর পরিচালক ও মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিনকে সভার দিন আনুষ্ঠানিকভাবে মজুরি প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ জানান, নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সব পক্ষকে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে নোটিশ পাঠানো হয়েছে।


