বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিজিএমইএ উপস্থাপিত বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২.০।

২৫ অক্টোবর (রবিবার) ২০২৬ বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিআরবি, নেক্সাজেন ও আরএফএলের সৌজন্যে এবং ডেসকো, আসুটেক্স, সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও ওএমসির সহ-সৃষ্টিতে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করে বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ওয়েগা গ্রুপের চেয়ারম্যান জনাব মো. মেসবাহ উদ্দিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব এস. এম. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর ব্যবসা উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব শাফায়েত উল্লাহ রহমত; বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও জুম গ্রুপের চেয়ারম্যান ড. এম. এ. মজিদ তালুকদার; বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. কাফিল উদ্দিন আহমেদ এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নুরুল হক।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল জলিল স্বাগত বক্তব্য দেন। এ সময় বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানও বক্তব্য রাখেন।দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিক পর্বে উত্তীর্ণ মোট ১,৪২৪ জন কলেজশিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তরুণদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করেন অংশগ্রহণকারীরা। এ পর্ব থেকে ৩০টি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। পরবর্তী সময়ে ছয়টি দল বাজার রাউন্ডে প্রতিযোগিতা করে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিদ্বন্দ্বিতা শেষে চারটি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়। ফাইনাল পর্বে অডিও-ভিজ্যুয়াল ও র‍্যাপিড-ফায়ার রাউন্ডে প্রতিযোগীরা নিজেদের জ্ঞান, উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা প্রদর্শন করেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে ঢাকা কমার্স কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজ প্রথম রানার-আপ এবং জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়। এ ছাড়া ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী ফরিক হাসান ওমিও প্রতিযোগিতার সেরা প্রতিযোগী হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, শিক্ষকবৃন্দ, অভিভাবক, কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ করে তোলে।

বিইউএফটি হেরিটেজ ক্লাব ও বিইউএফটি কালচারাল ক্লাবের সহযোগিতায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া বিজয়ী ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে দলীয় আলোকচিত্র পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফ্যাশন রানওয়ের আয়োজন করা হয়।

জ্ঞান, মেধা, সৃজনশীলতা ও সুস্থ প্রতিযোগিতার সমন্বয়ে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। পাশাপাশি তরুণ প্রজন্মের মেধা বিকাশ, জ্ঞানচর্চা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে বিইউএফটির এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com