বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পর্দা উঠলো ‘বিজিএমইএ কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের।
গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিজিএমইএ-র সিনিয়র সহ-সভাপতি এনামুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ-র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক ও স্পোর্টস কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক শাহ রায়ীদ চৌধুরী, পরিচালক নাফিস উদ দৌলা, স্পোর্টস কমিটির চেয়ারম্যান সাজ্জাদ আলী খান, উপদেষ্টা ফকির কামরুজ্জামান নাহিদ, কো-চেয়ার আকবর হায়দার মুন্না ও কাজী নাজমুল হাসান এবং আয়োজক আহমেদ বর্ণসহ অংশগ্রহণকারী দলগুলোর মালিক ও খেলোয়াড়েরা।
বিজিএমইএ-র সদস্যভুক্ত পোশাক কারখানাগুলোর মোট ১৬টি দল এবারের ট্রফির জন্য লড়াই করছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি মাঠে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী স্টেডিয়ামে টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে; যার তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
আয়োজকরা জানান, এটি কেবল একটি ফুটবল প্রতিযোগিতা নয়—বাংলাদেশের তৈরি পোশাক খাতের তৈরি পোশাক শ্রমিক ও কর্তাব্যক্তিদের মধ্যে ঐক্য, দলগত চেতনা এবং ক্রীড়া সুলভ মনোভাব ফুটিয়ে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম।


