বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’। বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় সাংস্কৃতিক সংগঠন ‘একাত্তর সাংস্কৃতিক সংঘ’ এই বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নেয়।
আয়োজনের মূল আকর্ষণে ছিল গান, নাচ ও নাটকের সমন্বয়ে আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে বুটেক্সের প্রতিটি বিভাগ থেকে একটি করে দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ। অন্যদিকে রানারআপ নির্বাচিত হয় ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিজয়ী দলের হাতে প্রাইজমানি হিসেবে তুলে দেওয়া হয় ২০ হাজার টাকা।
আয়োজনে মূল বিচারকের দায়িত্বে ছিলেন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। বিচারক তানভীর নাহিদ খান জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের নিষ্ঠা ও পরিবেশনা মুগ্ধ করার মতো। সুস্থ মনন ও চিন্তার বিকাশে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।
প্রতিযোগিতায় অংশ নিয়ে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তাসমিন তামান্না প্রকাশ করেন তাঁর উচ্ছ্বাস। তিনি জানান, একাডেমিক ব্যস্ততার মাঝে এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বড় ভূমিকা রাখে।একাত্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি সৌরভ মিত্র বলেন, শিক্ষার্থীদের ভেতরের লুকায়িত প্রতিভা প্রকাশ ও একটি আনন্দঘন পরিবেশ উপহার দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
দিনব্যাপী এই আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি ছিল আনুষ্ঠানিক পর্ব, ফরমাল সেশন, পুরস্কার বিতরণী ও বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে জনপ্রিয় ব্যান্ড ‘আরবোভাইরাস’-এর মাতানো কনসার্টের মধ্য দিয়ে পর্দা নামে এই উৎসবের।


