পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীতে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মির্জান আল শামীম, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তফা, বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেসের সভাপতি শামীমা আক্তার, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরেবিন্দু বেপারী বিন্দু, জাতীয় তৃণমূল ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হামজা, পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাকিল আহমেদ এবং মেহনতী গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের সভাপতি জান্নাত ফাতেমা।

এ ছাড়া শ্রমিক নেতা তমিজ উদ্দিন তনু, শাহাদাত হোসেন, রাসেল মন্ডল, মোখলেসুর রহমান এবং শ্রমিক নেত্রী শাহনাজ আখতার, লাকি আক্তার, ঝর্ণা আক্তার ও শাকিলা আক্তারসহ পোশাক কারখানার সাধারণ শ্রমিকেরা এই মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নিত্যপণ্যের আকাশচুম্বী দাম ও উচ্চ মূল্যস্ফীতির কারণে বিদ্যমান মজুরি দিয়ে শ্রমিকদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণ ও মানসম্মত জীবনযাত্রার জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা এখন সময়ের দাবি।

কর্মসূচি থেকে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে তাদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়। পরে একটি গণমিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com