সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের এফএনএস কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাতজনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
এর আগে রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত কারখানাটিতে একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দুর্ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।
এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।


