গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনের সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও বকেয়া বেতনের দাবিতে নানা স্লোগান দেন। সড়ক অবরোধের কারণে ফিডার রোডের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, নির্ধারিত সময় পার হয়ে গেলেও গত দুই মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। ফলে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই বাড়িভাড়া, দোকানের বাকি পরিশোধ এবং সন্তানদের স্কুলের বেতন দিতে পারছেন না।

সুমনা আক্তার নামে এক নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতি মাসেই বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ তালবাহানা করে। ঘরভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বের করে দেয়ার হুমকি দিচ্ছে। মালিকপক্ষের অন্যান্য কারখানায় নিয়মিত বেতন দেয়া হলেও আমাদের বেলাতেই সব সমস্যা হয়।”

অন্য এক শ্রমিক জানান, চলতি মাসের ১০ তারিখে বকেয়া পরিশোধের কথা থাকলেও তা না দিয়ে উল্টো কারখানার সামনে সাধারণ ছুটির নোটিশ ঝুলিয়ে দেয়া হয়।এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত দুই মাসের বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে শিল্প পুলিশের পাশাপাশি অতিরিক্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মোতায়েন করা হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com