গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি নিটিং কারখানায় অস্ত্রের মুখে পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে বড় ভবানীপুর এলাকার ‘মির্জা অ্যাপারেলস লিমিটেড’ নামের পোশাক কারখানায় এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, রাত আনুমানিক ৩টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানার সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর জানালার গ্রিল কেটে মূল ভবনে ঢুকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের জিম্মি করে ফেলে। ডাকাতেরা পাটের রশি ও কাপড়ের টুকরো দিয়ে তাঁদের হাত-পা বেঁধে ৭ হাজার ৩৫০ কেজি সুতা এবং ক্যাশবাক্স ভেঙে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

কারখানার সহকারী নিটিং অপারেটর রাব্বি জানান, গভীর রাতে হঠাৎ একদল সশস্ত্র লোক ভেতরে ঢুকে তাঁদের হাত-পা বেঁধে ফেলে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে সাত হাজার কেজির বেশি সুতা ও নগদ টাকা লুট করে চম্পট দেয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিসুল হক জানান, ঘটনার পরপরই বিষয়টি তাঁকে মুঠোফোনে জানানো হয়। ডাকাত দল কারখানা থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সুতা ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে কথা বলতে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) শাকিল আহমেদ জানান, পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করছে। কারখানায় সিসিটিভি ক্যামেরা না থাকায় আসামিদের শনাক্তে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হলেও, জড়িতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com