সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (কেডব্লিউপি) ক্ষমতার রুফটপ সোলার পিভি প্রকল্প চালু করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড। কারখানার ছাদে বসানো এই পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

জাপানের গুনজে কর্পোরেশন ও বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের যৌথ উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠানটি শিল্প খাতে টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে উদ্যোগটি গ্রহণ করে। সম্প্রতি ডিইপিজেডে কারখানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সৌর বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন ও কমিশনিং সম্পন্ন হয়।

কারখানা ভবনের অব্যবহৃত ছাদে স্থাপন করা ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল থেকে বর্তমানে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন চলছে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর চাপ কমানোর পাশাপাশি কারখানায় পরিবেশবান্ধব কাজের পরিবেশ নিশ্চিত করা সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার সাইদুল ইসলাম এবং গুনজে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উপস্থিত ছিলেন।শিল্পকারখানার খালি ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের এই মডেলটি বাংলাদেশের শিল্প খাতে ‘গ্রিন এনার্জি’ বা পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের রূপান্তরকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com