গাজীপুরের বাঘের বাজারে অবস্থিত দেশের পোশাক খাতের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ‘লিথী গ্রুপ’-এর ৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত ৩০ জুন কর্তৃপক্ষের সই করা এক জরুরি নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
বন্ধ হওয়া কারখানাগুলো হলো— অ্যাপারেল-২১ লিঃ, ফমকম ফ্যাশন লিঃ, ফমকম ডাইং লিঃ, ফমকম প্রিন্টিং লিঃ এবং ফমকম নিটিং লিঃ।কারখানা বন্ধের নোটিশে কর্তৃপক্ষ বেশ কিছু সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে— দীর্ঘদিন গ্যাস কানেকশন বন্ধ থাকা, আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ আশঙ্কাজনকহারে কমে যাওয়া এবং ভবিষ্যতে নতুন কোনো ক্রয়াদেশের পূর্বাভাস না থাকা। এছাড়া বিগত বছরগুলোতে বারবার অযৌক্তিক শ্রম আন্দোলন, পণ্যের বিক্রয়মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া এবং সময়মতো ব্যাংকিং সহায়তা না পাওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, উপরোক্ত সংকটগুলোর কারণে কারখানাগুলো নিয়মিত বিশাল লোকসানের সম্মুখীন হচ্ছিল। ক্রমাগত লোকসানের মুখে বর্তমানে মালিকপক্ষের এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার মতো আর কোনো আর্থিক সামর্থ্য নেই। ফলে বাধ্য হয়েই অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করে কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সকল সংস্থা ও কর্তৃপক্ষের সাথে সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম মেনে সকলের বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ করা হবে। পাশাপাশি, ভবিষ্যতে যদি ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি হয় এবং কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়, তবে পূর্বের পুরোনো ও দক্ষ কর্মীদের কাজে যোগদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।


