টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে কাজ করা টিইসিএন ক্যারিয়ার ক্লাব ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিবলী শাদিক শিয়াম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শৌরভ কান্তি দাস। এছাড়া অভ্যন্তরীণ বিষয়ক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেদওয়ান তারেক এবং বহির্বিষয়ক সহ-সভাপতি হয়েছেন রওশন জামিল চৌধুরী।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুর রকিব। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান প্রশিক্ষক মো. মাহমুদুল হক এবং সহকারী অধ্যাপক (টেকনিক্যাল) ইঞ্জিনিয়ার পদ্ম কিশোর দে। বিশেষ উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রভাষক (টেকনিক্যাল) মো. জাকারিয়া আলম জিকু।কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সংগঠন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান, আজমাইন-উল-হাসান ও পার্থ প্রতীম দে। অর্থ ও লজিস্টিকস সম্পাদক হয়েছেন মো. মুরাদ হাসান ও মো. নিশাত রাইহান।
প্রোগ্রাম অপারেশনস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বুরহান উদ্দিন নাফিস।বহির্বিষয়ক শাখায় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এম মেহেদী হাসান ও রবিউল ইসলাম রবি। জনসংযোগ, যোগাযোগ ও করপোরেট রিলেশনস সম্পাদক হয়েছেন তপু দাস। সৃজনশীল বিষয়ক ও কনটেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আব্দুর রকিব বলেন, “নতুন দায়িত্বে আসা সকলে তাদের সর্বোচ্চ কাজের প্রতিফলন ঘটিয়ে সকলের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে আশা করি”এদিকে বিদায়ী সভাপতি আকিব ইবনে সালাউদ্দীন ভূইয়া বলেন, “নতুন কমিটির সদস্যদের জন্য শুভকামনা, তাদের হাত ধরে ক্লাবের কার্যক্রম আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে বলে আশা রাখছি।”
ক্লাব সূত্রে জানা যায়, নতুন কার্যনির্বাহী কমিটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ারমুখী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, পেশাগত প্রস্তুতি জোরদার এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ক্লাবকে আরও কার্যকর ও গতিশীল করে তোলার লক্ষ্য নিয়ে বছরের কার্যক্রম পরিচালনা করবে।


