বুটেক্সে প্রথমবারের মতো আয়োজিত অ্যালামনাই সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৪১তম ব্যাচের দল ‘ব্লেজ ৪১’।
শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের জিএমএজি ওসমানী হল মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৩৯তম ব্যাচকে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় ৪১তম ব্যাচ। শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স, দলীয় সমন্বয় এবং অদম্য লড়াকু মানসিকতা দেখিয়ে তারা শিরোপা নিজেদের করে নেয়।
টুর্নামেন্টটি সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। মাঠজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল, পুরোনো স্মৃতির উচ্ছ্বাস এবং বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার অনন্য আবহ। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন, যা দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।
ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল ‘ব্লেজ ৪১’-এর হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী, আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, এই আয়োজন শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; বরং এটি ছিল ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং বুটেক্স অ্যালামনাইদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি উদ্যোগ। প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়েছে ‘ব্লেজ ৪১’।

