Advertisement

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

বৈঠকে বিকেএমইএ’র পক্ষ থেকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার উদ্যোগ, বন্ধ কারখানা পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়ে সরকারের পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

একই সঙ্গে বর্তমানে চালু থাকা কারখানাগুলো যাতে বন্ধ হয়ে না যায়, সে জন্য নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা চায় সংগঠনটি।

জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ব্যাংকিং ও এনবিআর-সংক্রান্ত সমস্যাগুলো লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি।

বৈঠকে শিল্পের বহুমুখীকরণ, সিল্ক খাতের উন্নয়ন, ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্যের সম্ভাবনা এবং জ্বালানি সংকট সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।

বিকেএমইএ’র প্রতিনিধিদলে আরও ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মো. শামসুজ্জামান ও ফকির কামরুজ্জামান নাহিদ।

বিকেএমইএ মনে করে, শিল্পখাতের উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান রক্ষায় সরকারের ইতিবাচক উদ্যোগ উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com