আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি স্কুল ব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল পোশাক বিতরণ করা হবে। প্রথম ধাপে এক লাখ শিক্ষার্থীকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি জানান, ব্যবসায়ীরা ইতিবাচক সাড়া দিয়েছেন। তারা কত সংখ্যক শিক্ষার্থীকে সহায়তা করতে পারবেন, তা জানালে সেই অনুযায়ী আরও স্কুল এই কর্মসূচির আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী বলেন, অর্থবছরের শেষ সময়ে সরকার দায়িত্ব নেওয়ায় আপাতত নির্বাচনি প্রতিশ্রুতিগুলো পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হচ্ছে। আগামী অর্থবছরে বড় পরিসরে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, সব শিক্ষার্থী একই ধরনের ব্যাগ ও জুতা পাবে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হলেও নির্ধারিত একক নকশার পোশাক থাকবে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, কোমলমতি শিশুদের জন্য এই উদ্যোগে উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। ইতোমধ্যে পাইলট প্রকল্পের জন্য এক লাখ শিক্ষার্থীর সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু করা হবে। পরে মাদ্রাসা, এবতেদায়ী ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও এতে যুক্ত হতে পারে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি সাত লাখ শিক্ষার্থীর মধ্যে এই সুবিধা পৌঁছে দেওয়ার পর মাধ্যমিক পর্যায়েও একই কর্মসূচি চালুর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

