Advertisement

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত প্রথম ‘বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ঢাকার কাছাকাছি পূর্বাচলের জলসিঁড়ি গলফ ক্লাবে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

পোশাক শিল্পের দেশি-বিদেশি অংশীজনদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে বিজিএমইএ।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্যে তিনি বলেন, এটি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি, কূটনীতিক ও বিজিএমইএ সদস্যদের মধ্যে আস্থা, সম্মান ও বন্ধুত্ব আরও শক্তিশালী করার একটি সুযোগ।

তিনি আরও বলেন, এমন আয়োজন শিল্পখাতের ঐক্য বাড়াবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও মজবুত করবে।

অনুষ্ঠানে বিজিএমইএর স্পোর্টস কমিটির পরিচালক ইনচার্জ শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা এবং পরিচালক জোয়ার্দার মোহাম্মদ হোসনে কমার আলমের তত্ত্বাবধানে টুর্নামেন্টটি আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় দেশি-বিদেশি মিলিয়ে ৮০ জনের বেশি গলফার অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধি এবং বিজিএমইএ সদস্যরা ছিলেন। বিজিএমইএ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যও খেলোয়াড় হিসেবে অংশ নেন।

ফলাফল

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বিজিএমইএ অ্যাপারেল ক্লাব কমিটির চেয়ারম্যান ও ফ্রেন্ডস স্টাইলওয়্যার লিমিটেডের এ.এম. মাহমুদুর রহমান। রানার-আপ হয়েছেন এরাইভাল ফ্যাশন লিমিটেডের শফিকুল ইসলাম।

নারী বিভাগে বিজয়ী হয়েছেন দাদা ঢাকা লিমিটেডের মিসেস হ্যায়জাং। ‘বেস্ট গ্রস’ পুরস্কার পেয়েছেন অ্যামেজিং ফ্যাশন লিমিটেডের এএলএম নিশাত বিন জিয়া।

অন্যান্য বিভাগে চট্টগ্রাম ফ্যাশন স্পেশালাইজড টেক্সটাইলস লিমিটেডের নিয়াজ আহমেদ ভূঁইয়া ‘লঙ্গেস্ট ড্রাইভ’ এবং আইএফএস টেক্সওয়্যার প্রাইভেট লিমিটেডের সালাহ উদ্দিন আহমেদ (শামীম) ‘নিয়ারেস্ট টু দ্য পিন’ পুরস্কার পান।

খেলা শেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার জেতেন এএন্ডই-এর এঞ্জেলো লী নাগে।

বর্ণাঢ্য এই আয়োজনের পাওয়ার্ড বাই পার্টনার ছিল এএন্ডই। কো-স্পন্সর হিসেবে ছিল কেডিএস এক্সেসরিজ লিমিটেড। এছাড়া স্যুভেনির, র‍্যাফেল ড্র ও কিট পার্টনার হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করেছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com