দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের চাপে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, গত তিন বছরে দেশে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এছাড়া বর্তমানে আরও অনেক কারখানা আর্থিক সংকটে টিকে থাকার লড়াই করছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বিজিএমইএ এ তথ্য তুলে ধরে। সভায় সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়।
বিজিএমইএ জানায়, দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। উৎপাদন ও ব্যবসা পরিচালনার ব্যয় ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় অনেক কারখানা টিকে থাকতে পারছে না। একই সঙ্গে ব্যবসাবান্ধব পরিবেশের অভাবও শিল্পের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
সংগঠনটির মতে, নীতিগত অনিশ্চয়তা, প্রশাসনিক জটিলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে খাতটি পিছিয়ে পড়ছে। পাশাপাশি ঋণ ব্যয়, পরিবহন খরচ ও লজিস্টিক ব্যয় বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্যে।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ পোশাক খাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা আসন্ন জাতীয় বাজেটে তৈরি পোশাক শিল্পকে সংকট থেকে বের করে আনতে কার্যকর নীতি সহায়তা ও প্রণোদনার দাবি জানান।

