EMMTEX SLN Textile Industry Advertisement Banner

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৫ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে চীনের (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড

এ লক্ষ্যে রোববার (৮ মার্চ ২০২৬) ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং কোম্পানির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মিজ হ্যান জানজিয়াও চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, নতুন এই কারখানায় প্রতি বছর প্রায় ৪০ লাখ পিস বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করা হবে। এর মধ্যে ফ্লিস জ্যাকেট, সফট শেল জ্যাকেট, ডাউন জ্যাকেট, টি-শার্ট, পলো শার্ট, কোট, লং প্যান্ট, জিন্স, স্কি স্যুট, উইন্ডপ্রুফ জ্যাকেটসহ নানা ধরনের পোশাক অন্তর্ভুক্ত থাকবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ১ হাজার ৯৮৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বলেন, বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে থাকায় বেপজা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এতে দেশের রপ্তানিমুখী শিল্প আরও শক্তিশালী হবে এবং টেকসই শিল্পায়নের পথ সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফ্লারিশ গার্মেন্টস কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com