ওয়েগা গ্রুপের চেয়ারম্যান জনাব মো. মেসবা উদ্দিন আলী বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর নবগঠিত ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।
আজ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের উদ্বোধনী সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সুশাসন, প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
নবগঠিত ট্রাস্টি বোর্ড বিইউএফটি-এর একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি ও উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সভায় বাংলাদেশের বস্ত্র, পোশাক ও ফ্যাশন শিল্পে দক্ষ জনশক্তি তৈরিতে বিইউএফটি-এর ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে শিল্পখাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় শিল্প ও শিক্ষার মধ্যে সমন্বয় আরও জোরদার, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কৌশলগত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।নবগঠিত ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে বিইউএফটি-এর শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পসংযোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


