তৈরি পোশাক শিল্পের (আরএমজি) শ্রমিকদের চোখের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ লক্ষ্যে গত ১৪ জুন দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন এবং সাইটসেভার্সের সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে সংগঠনটি।

এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো পোশাক শ্রমিকদের চোখের উন্নত পরীক্ষা (স্ক্রিনিং) করা এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ করা। পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে নির্ধারিত কিছু কারখানায় এই কার্যক্রম শুরু হবে।

প্রকল্পের আওতায় কারখানাগুলোতে চোখ পরীক্ষার বিশেষ আধুনিক সরঞ্জামও সরবরাহ করা হবে। এছাড়া, কারখানার মেডিকেল অফিসার ও সহকারী চিকিৎসকদের পেশাদার প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা কারখানায় বসেই দক্ষতার সাথে শ্রমিকদের চোখ পরীক্ষা করতে পারেন।বিজিএমইএ’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সহ-সভাপতি বিদিয়া অমৃত খান এবং পরিচালক সামিহা আজিম উপস্থিত ছিলেন।

সহযোগী সংস্থাগুলোর পক্ষে দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ক্লাস্টার ডিরেক্টর মোসাব্বির আলম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রামস জীহান আবেদীন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এ কে এম বদরুল হক এবং সাইটসেভার্সের আই হেলথ প্রোগ্রাম ম্যানেজার বি এম জাহিদুল ইসলাম।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com