EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের রপ্তানি জাপানে বাড়াতে নতুন কমিটি গঠন করেছে বিজিএমইএ। দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়ন এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যেই ‘মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট উইথ জাপান’ কমিটি গঠন করা হয়েছে।

রপ্তানি বাজার বৈচিত্র্য আনার অংশ হিসেবে বিজিএমইএ জাপানকে উচ্চ সম্ভাবনাময় বাজার হিসেবে গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বর্তমানে জাপানের পোশাক আমদানি বাজারের আকার প্রায় ২৪.২৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ থেকে রপ্তানির অংশ মাত্র ৫.৬৩ শতাংশ, যার মূল্য প্রায় ১.৩৭ বিলিয়ন ডলার। নতুন এই কমিটি কৌশলগত উদ্যোগের মাধ্যমে এই অংশ বাড়াতে কাজ করবে।

গতকাল ঢাকার বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে পোশাক বাণিজ্য বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিজিএমইএর অধীনে একটি ‘জাপান ডেস্ক’ গঠনের সুপারিশ করা হয়।

প্রস্তাবিত এই ডেস্কের মাধ্যমে সদস্য কারখানাগুলোর জন্য বাজার গবেষণা, ক্রেতা খোঁজা, এবং জাপানি সংস্থা যেমন জেট্রো, জাইকা, জেবিসিসিআই, জেসিআইএডি’র সঙ্গে সমন্বয় করা হবে। এছাড়া জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ হলে তা সমাধানে সহায়তা দেবে এই ডেস্ক।

কমিটি বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ী মহলের মধ্যে যোগাযোগ বাড়াতে বাণিজ্য মেলা ও ব্যবসায়িক বিনিময় কার্যক্রমেও ভূমিকা রাখবে। পাশাপাশি, স্থানীয় কারখানার সঙ্গে কাজ করতে গিয়ে জাপানি কোম্পানিগুলো যে সমস্যার মুখোমুখি হয়, তা সমাধানে প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।

এই কমিটির প্রধান করা হয়েছে বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমানকে। সমন্বয়কের দায়িত্বে রয়েছেন পরিচালক মোহাম্মদ সোহেল। উপদেষ্টা হিসেবে আছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, জেবিসিসিআই সভাপতি তারেক রফি ভূঁইয়া জুন এবং ফুরুশিমা (বিডি) এর ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক শাহ রায়েদ চৌধুরী, ফয়সাল সামাদ ও নাফিস উদ দৌলা।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com