গাজীপুরের কালিয়াকৈরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর শালবনের ভেতর থেকে মশিউর রহমান (৫০) নামে এক পোশাক কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার শালবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মশিউর রহমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় পরিবারসহ বাস করতেন এবং কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি গলাচিপা শালবনে ছাগল চরাতে গিয়ে গলায় রশি প্যাঁচানো একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে মাটিতে বসা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পরিবার জানায়, গত বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মশিউর রহমান। রাতে বাসায় না ফেরায় এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।মরদেহের পকেটে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে। এ সময় মরদেহের পাশ থেকে আলামত হিসেবে একটি লাল টি-শার্ট ও কীটনাশক উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে স্পষ্ট হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

