রাজধানীর উত্তরায় শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির অভিযোগে পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা এক নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ রাখার কথা জানানো হয়।

বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও ওলিও অ্যাপারেলস লিমিটেড।

নোটিশে বলা হয়, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবিতে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে ধর্মঘট পালন করেন। এ সময় কর্তৃপক্ষের কাজে ফেরার আহ্বান উপেক্ষা করে তাঁরা উত্তেজনাকর ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা ঝুঁকির মুখে পড়ে বলে নোটিশে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

নোটিশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। কারখানাগুলো পুনরায় চালুর তারিখ ও সময় পরে নোটিশের মাধ্যমে জানানো হবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com