ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের দ্বিতীয় দিনের ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের ভর্তি কার্যক্রমে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ মোট ২১৫ জন শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছে।
এর মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে সর্বোচ্চ ১০৪ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। এছাড়াও অন্যান্য বিভাগেও শিক্ষার্থীদের উপস্থিতি ও ভর্তি কার্যক্রম ছিল উৎসবমুখর ও সুশৃঙ্খল। ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা প্রদান করেন নিটারের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
নতুন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। নিটার প্রশাসন আশা প্রকাশ করেছে, নবীন শিক্ষার্থীদের হাত ধরেই ভবিষ্যতে দেশের টেক্সটাইল ও প্রযুক্তি খাত আরও সমৃদ্ধ হবে।

