চট্টগ্রামের সার্কিট হাউস সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন, উৎসব ভাতা ও ছুটি প্রদান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে শ্রমিকদের প্রাপ্য সুবিধা সময়মতো নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক, বিজিএমইএ’র পরিচালক এনামুল আজিজ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় এনামুল আজিজ চৌধুরী বলেন, তৈরি পোশাক শিল্পের মূল শক্তি হচ্ছেন শ্রমিকরা। তাদের পরিশ্রম ও অবদানের কারণেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। তাই ঈদের আগে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি যথাসময়ে প্রদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সময়মতো বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় থাকবে, শ্রমিকদের মধ্যে স্বস্তি বাড়বে এবং উৎপাদন কার্যক্রম ইতিবাচকভাবে প্রভাবিত হবে। পাশাপাশি ঈদযাত্রা ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা আরও সুশৃঙ্খল হবে।
এ সময় তিনি সরকার, প্রশাসন, ব্যাংকিং খাত, বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সবার যৌথ উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও শ্রমবান্ধব শিল্প পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
সভায় বক্তারা শ্রমিক ও মালিকের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বজায় রেখে দেশের তৈরি পোশাক শিল্পকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

