দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে বড় অঙ্কের যৌথ বিনিয়োগের উদ্যোগ নিয়েছে দেশীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ এবং তুরস্কের খ্যাতনামা প্রতিষ্ঠান সানকো হোল্ডিং। এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত হতে যাচ্ছে একটি অত্যাধুনিক ডেনিম কারখানা। প্রকল্পটিতে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সানকো হোল্ডিংয়ের ডেনিম উৎপাদনকারী অঙ্গপ্রতিষ্ঠান ‘ইসকো’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই কারখানাটি গড়ে তোলা হচ্ছে। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের প্রায় ৮০ একর জমির ওপর নির্মিতব্য এই যৌথ উদ্যোগে ডিবিএল গ্রুপের মালিকানা থাকবে ৫১ শতাংশ এবং তুরস্কের ইসকোর মালিকানা থাকবে বাকি ৪৯ শতাংশ।
সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৮ সাল নাগাদ কারখানাটিতে পুরোদমে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। সাম্প্রতিক বছরগুলোতে এটিই ডিবিএল গ্রুপের সর্ববৃহৎ বিনিয়োগ প্রকল্প। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (ইনভেস্ট বাংলাদেশ) জানায়, নতুন এই কারখানাটি চালু হলে প্রতি মাসে প্রায় ১ কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদিত হবে। কাপড়ের পাশাপাশি এখানে সুতা উৎপাদনেরও নিজস্ব ব্যবস্থা থাকবে। উৎপাদিত এসব ডেনিম দেশের রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোর কাঁচামালের চাহিদা মেটানোর পাশাপাশি সরাসরি বিশ্ববাজারেও রপ্তানি করা হবে।
নতুন এই শিল্প প্রকল্পের মাধ্যমে দেশে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার জানান, কারখানাটিতে বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সংযোজন করা হবে। এ ছাড়া দক্ষ জনবল গড়ে তুলতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের একটি অংশকে উচ্চতর প্রশিক্ষণের জন্য তুরস্কে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে, বুধবার (২৫ নভেম্বর) এই বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন সানকো হোল্ডিংয়ের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। সানকো হোল্ডিংয়ের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লুর নেতৃত্বে প্রতিনিধিদলটি বাংলাদেশে দীর্ঘমেয়াদী ও বড় বিনিয়োগের বিষয়ে তাদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯০৪ সালে যাত্রা শুরু করা তুরস্কের সানকো হোল্ডিং বস্ত্র, জ্বালানি, নির্মাণ ও প্যাকেজিংসহ নানা খাতে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। তাদের ডেনিম বিভাগ ‘ইসকো’ বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় ডেনিম উৎপাদক হিসেবে পরিচিত, যাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৫ থেকে ৩০ কোটি মিটার এবং বিশ্বের ৬০টিরও বেশি দেশে তাদের পণ্য সরবরাহ করা হয়।
খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক মানের এই যৌথ বিনিয়োগের ফলে দেশের বস্ত্র খাতের ‘ব্যাকওয়ার্ড লিংকেজ’ বা পশ্চাৎসংযোগ শিল্প আরও শক্তিশালী হবে। এতে বিদেশ থেকে ডেনিম আমদানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়, রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈশ্বিক ডেনিম বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।


