মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ বিশ্বের ১৪টি বড় বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে।
‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ ঠেকানোর যুক্ত দেখিয়ে স্থানীয় সময় বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই ঘোষণা দেয়।নতুন প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের সীমা নির্ধারণ করা হয়েছে। তবে আগে থেকে চালু থাকা শুল্ক ও বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্ক কতটা বাড়বে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।
কোন কোন দেশ এই তালিকায় আছে?
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী ১৬টি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে আট মাস ধরে চলা তদন্ত শেষে এই প্রস্তাব এসেছে।তদন্তের আওতায় থাকা ১৬ দেশের মধ্যে ১৪টির ওপর নতুন শুল্ক প্রস্তাব করা হয়েছে। সেগুলো হলো—বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তবে তদন্তের তালিকায় থাকলেও মেক্সিকো ও নরওয়ের পণ্যে এখনই নতুন কোনো শুল্ক প্রস্তাব করা হয়নি।
বাংলাদেশের জন্য হার ও শর্ত কী?
মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি ও ইউএসটিআরের তথ্য অনুযায়ী, এই প্রস্তাবে ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ধরা হয়েছে। ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ (চুক্তি হলে ২০ শতাংশ) এবং চীনের পণ্যে বাড়তি ২০ শতাংশ (আগের শুল্কসহ মোট ৪০ শতাংশ পর্যন্ত) শুল্ক প্রস্তাব করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতার কারণে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে সর্বোচ্চ শুল্কহার ১৮ শতাংশে সীমিত রাখা হয়েছে। অন্যদিকে ইইউ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ এবং সিঙ্গাপুরের জন্য ১০ শতাংশ শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে।
আগের শুল্কের সঙ্গে কি এটি যোগ হবে?
মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই প্রস্তাবিত শুল্ক আগে থেকে কার্যকর কিছু শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে চাপবে না। বিশেষ করে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর যে ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার ওপর নতুন শুল্ক বসবে না।
এ ক্ষেত্রে দুই হারের মধ্যে যেটি বেশি, আমদানিকারকদের কেবল সেটিই দিতে হবে। পাশাপাশি ইস্পাত, অ্যালুমিনিয়াম বা গাড়ির ওপর সেকশন ২৩২-এর আওতায় থাকা শুল্কের সঙ্গেও এটি যুক্ত হবে না।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আগের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ পাল্টা শুল্ক বাতিল করার পর ২৪ জুলাই থেকে বাংলাদেশি পণ্যে সেকশন ৩০১-এর আওতায় ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এর সঙ্গে নিয়মিত ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) শুল্ক যোগ হয়ে বর্তমানে অনেক বাংলাদেশি তৈরি পোশাকে ২৫ শতাংশের বেশি শুল্ক দিতে হচ্ছে।


