দেশজুড়ে চলমান অস্থিরতার তীব্র নেতিবাচক প্রভাব পড়েছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে। বিজিএমইএর এক জরিপে দেখা গেছে, মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলার। একই সঙ্গে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় প্রায় ২৫ কোটি ডলার মূল্যের প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা।
গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরিপের ফলাফল প্রকাশ করে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটি জানায়, জরিপে অংশ নেওয়া কারখানাগুলো অস্থিরতার কারণে এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা সম্ভব হয়নি। সরবরাহ ব্যবস্থায় এই বিঘ্নের জেরে প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ হাতছাড়া হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ২৫ কোটি ডলার। বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে এমন ক্রয়াদেশ স্থানান্তর পোশাক খাতের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলমান অস্থিরতায় ছয় শতাধিক পোশাক কারখানা ক্ষতিগ্রস্ত হলেও জরিপে সাড়া দিয়েছে ৩১৭টি প্রতিষ্ঠান। ফলে এই পরিসংখ্যান ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রের তুলনায় কম হতে পারে।
শিল্পাঞ্চলে অস্থিরতা চলমান থাকায় আগামী দিনগুলোতে ক্ষতির মাত্রা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিজিএমইএ। পরিস্থিতি সামাল দিয়ে পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।


