চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপনে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সিঙ্গাপুর ও চীনের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ‘জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড’। কারখানাটি পুরোদমে চালু হলে ২ হাজার ২৩০ জন বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান তৈরি হবে।

এ লক্ষ্যে গত বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং জয়ফুল গার্মেন্টসের মধ্যে একটি জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হান জুনশিয়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ইপিজেডের অন্যতম পুরোনো প্রতিষ্ঠান ‘সিয়ামস সুপিরিয়র লিমিটেড’-এর পরিত্যক্ত জায়গায় নতুন এই কারখানাটি গড়ে তোলা হবে। ২০২৪ সালের আগস্টে সিয়ামস সুপিরিয়রের উৎপাদন বন্ধ হয়ে গেলে বেপজা নিয়ম অনুযায়ী কারখানাটির অবকাঠামো ও যন্ত্রপাতি নিলামে তোলে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল গার্মেন্টস এই সম্পদ কিনে নেয়।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বছরে ২৫ লাখ পিস বিশেষায়িত ও উচ্চমূল্যের পোশাক উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে হান্টিং স্যুট, ওয়াটারপ্রুফ আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ডেনিম ও ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেট, পাফার পার্কা এবং ফার আউটারওয়্যার। উৎপাদিত এসব পোশাক ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বাজারে রপ্তানি করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে প্রচলিত বিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি জয়ফুলের ব্যবসায়িক অংশীদারদের বেপজার অধীন অন্যান্য অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগের আহ্বান জানান।

চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করে জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হান জুনশিয়াও জানান, আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে কারখানার সংস্কারকাজ শেষ করে ওই মাসেই উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. মহসিন হাসান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজা ও জয়ফুল গার্মেন্টসের প্রতিনিধিরা। এই বিনিয়োগের ফলে সিইপিজেডের উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি বিশেষায়িত পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com