নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বক্তৃতা প্রতিযোগিতা ‘টেক্সটাইল ইলোকোয়েন্স – সিজন ১’। শিক্ষার্থীদের নিজেদের চিন্তাভাবনা ও মতামত সাবলীলভাবে উপস্থাপনের সুযোগ করে দিতে আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম আসরটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. (ইঞ্জি.) মো. মোস্তাফিজুর রহমান এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জি. এম. ফয়সাল আহমেদ।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি ও ডুয়েট ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আবদুল্লাহ আল কোরাইশ, ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. রাকিবুল হাসান এবং ফকির ফ্যাশন লিমিটেডের আইপিই বিভাগের সহকারী কর্মকর্তা ও এনইউবি সেন্ট্রাল ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাবের সাবেক সহ-সভাপতি মো. মঈন খান। আয়োজনটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বক্তব্য উপস্থাপন, যুক্তি প্রদর্শন এবং শ্রোতাদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার সুযোগ পান।
পাশাপাশি শিক্ষার্থীদের মধ্য থেকে সম্ভাবনাময় বক্তা ও নেতৃত্বের গুণাবলিসম্পন্ন তরুণদের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সম্মানিত শিক্ষকবৃন্দ, অতিথি, বিচারকমণ্ডলী, প্রতিযোগী, স্বেচ্ছাসেবক এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক সংগঠন।
উল্লেখ্য, ‘একটি কণ্ঠ, একটি স্বপ্ন, একটি আগামীর প্রত্যয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘টেক্সটাইল ইলোকোয়েন্স’-এর প্রথম আসরের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সুন্দরভাবে কথা বলা, চিন্তা প্রকাশ এবং নেতৃত্বের চর্চার একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হলো। প্রতিবেদক: মোঃ এহছানুল আজম মুন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।


