গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে জমে থাকা গ্যাস থেকে সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত সাকিব পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাওজোড় এলাকার তিনতলা বিশিষ্ট ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ভবনের সেপটিক ট্যাংকের ওপর তৈরি কক্ষগুলো পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়।
শুক্রবার সকালে সাকিব ও তার কক্ষ সহযোগীরা ঘরের ভেতর অবস্থান করছিলেন। এসময় সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাস থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দরজা-জানালা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, সেপটিক ট্যাংকের ওপর ঘর নির্মাণ করে ভাড়া দেওয়ার কারণে ভেতরে গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার মূল কারণ জানতে তদন্ত চলছে।


